বিমান থেকে প্রতিবন্ধী যাত্রীকে নামিয়ে দেয়ায় জরিমানা

ভারতে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়ায় বেসরকারি বিমান পরিবহন সংস্থা স্পাইস জেট কর্তৃপক্ষকে ১০ লাখ রূপি জরিমানা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ৪ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পরে বিমান কোম্পানিটিকে শাস্তি দেয়া হল।
 
২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি স্পাইস জেট সংস্থার সকালের বিমানে একটি কনফারেন্সে যোগ দিতে গোয়া যাওয়ার কথা ছিল সেরিব্রাল পালসিতে আক্রান্ত জিজা ঘোষের। কিন্তু বিমান ছাড়ার আগেই, তাকে বলা হয় পাইলট তাকে নিয়ে যেতে রাজি নন। তিনি বিমান থেকে নামতে রাজি না হওয়ায় জোর করে তাঁকে নামিয়ে দেওয়া হয়।
 
গোটা ঘটনায় তিনি চূড়ান্ত অপমানিত হয়ে ছিলেন বলে জানিয়েছিলেন কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সেরিব্রাল পালসির শিক্ষক জিজা। সেদিন জরুরি কাজ থাকলেও স্পাইস জেট-এর কর্মীদের বাজে ব্যবহারের জন্যে তিনি তাঁর গন্তব্যে পৌঁছতে পারেননি। পরে অবশ্য এই ঘটনার জন্য ক্ষমা চায় স্পাইস জেট কর্তৃপক্ষ।
 
মানসিক নির্যাতন ও আর্থিক ক্ষতির অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা করেন জিজা। সেই লড়াইয়েই অবশেষে সাফল্য পেলেন তিনি। এনডিটিভি।