বিলুপ্ত হচ্ছে ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ

 
দেশের ১৬ টি সরকারি কমার্সিয়াল কলেজকে সাধারণ কলেজে পরিবর্তন করে ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ বিলুপ্ত করা হচ্ছে। এ ধরনের শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ না থাকা এবং সময়ের প্রয়োজনে এ বিষয়গুলো চাহিদা না থাকায় এ কোর্সগুলো বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 
ঢাকা সরকারি কমার্সিয়াল কলেজের নাম পরিবর্তন করে করা হয়েছে মোহাম্মদপুর সরকারি কলেজ। এই কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম রতন বলেন, ডিপ্লোমা-ইন-কমার্স ও ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ বিলুপ্ত করা হচ্ছে এবং এরই অংশ হিসাবে কলেজগুলোকে সাধারণ কলেজে পরিবর্তন করা হয়েছে। যা সরকারের অন্যতম একটি ভালো উদ্যোগ। এ নিয়ে আমরা দীর্ঘদিন দাবি তুলে এসেছি।
 
বৃহস্পতিবার কলেজের নাম পরিবর্তন সংক্রান্ত এক সরকারি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
 

১৯৫৯ সালের জাতীয় শিক্ষা কমিশনের পর্যালোচনায় দেখা যায়, সরকারি-বেসরকারি অফিস, শিল্প, ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিদেশি মিশন ও কোম্পানিগুলোতে প্রচুর সংখ্যক দক্ষ অফিস কর্মচারীর চাহিদা ও থাকা সত্ত্বেও সুদক্ষ অফিস কর্মী তৈরীর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা অনুপস্থিত। ফলে অফিস সমূহের কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালিত হত না। এ কারণে কমিশন উপলব্ধি করে, সুদক্ষ অফিস কর্মী সৃষ্টির ব্যবস্থা করা হলে দেশের অফিস সমূহ সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং শিক্ষিত বেকারদের চাকুরির সংস্থান হবে। এ লক্ষ্যে ১৯৫৯ সালের শিক্ষা কমিশন তত্কালীন ১৬টি জেলা সদরে গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপনের সুপারিশ করে ।