কারাবন্দি সাংবাদিক শফিক রেহমানকে কেন ডিভিশন প্রদানের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে তাকে ডিভিশন দেয়ার বিষয়টি বিবেচনা করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো: ফারুকের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
কারাগারে ডিভিশন প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন শফিক রেহমান। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে ডিভিশন প্রদানের জন্য এই আবেদন করা হয়। আবেদনের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় শফিক রেহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। দুই দফায় দশ দিন রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তবে তিনি জামিন চাইলে নিম্ন আদালত তা না মঞ্জুর করেছে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।