সিঙ্গুরের সব নথি আজ সুপ্রিম কোর্টে জমা দেয়ার নির্দেশ

 
দীর্ঘ আট বছর ধরে চলার পর গত বুধবার ছিল পশ্চিমবঙ্গের সিঙ্গুর মামলার শুনানির শেষ দিন। শেষ দিনে ভারতের সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, এখনও মামলা সংক্রান্ত সব নথি জমা দেয়নি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাই শুক্রবারের মধ্যে ওই সব কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একেবারে শেষ মুহূর্তে সিঙ্গুর মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদন জানান টাটা মোটর্সের আইনজীবী অভিষেক মনু সঙ্ঘভি। আদালত শুক্রবারের মধ্যে তাঁকে এ বিষয়ে লিখিত আবেদন জমা দেওয়ারও নির্দেশ দেয়। -আনন্দবাজার পত্রিকা।
 
বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনামলে সিঙ্গুরের জমি অধিগ্রহণ আইনমাফিক হয়েছিল কি না, তা এখন খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট। শেষ শুনানিতে বিচারপতি ভি গোপালগৌড়া জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু কাগজ এখনও জমা পড়েনি। জমি অধিগ্রহণ নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের রিপোর্টও এ বিষয়ে মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত হয়েছিল, সেই সব কাগজপত্র আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানায়, জমি অধিগ্রহণ করে শিল্প স্থাপনে সে সময়ে ইচ্ছুক ও অনিচ্ছুক চাষিদের দুই ধরনের আর্থিক প্যাকেজ দেওয়া হয়। কেন এই বৈষম্য করা হয়েছিল, তা জানতে চায় আদালত।  এ দিকে টাটা মোটর্সের পক্ষে অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, টাটারা কোনো ভাবেই জমি অধিগ্রহণের প্রক্রিয়াতে ছিল না।