'ইমার্জিং এক্সপ্লোরার' অ্যাওয়ার্ড পেলেন ওয়াসফিয়া

 
ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির মর্যাদাপূর্ণ ‘ইমার্জিং এক্সপ্লোরার’ পুরস্কার জিতেছেন এভারেস্ট জয়ী বাংলাদেশি ওয়াসফিয়া নাজরীন। শুক্রবার ন্যাশনাল জিওগ্রাফি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। 
 
ওয়াসফিয়াই বিশ্বের একমাত্র নারী যিনি একইসঙ্গে ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাডভেঞ্চারার এবং ইমার্জিং এক্সপ্লোরার খেতাব জিতলেন।
 
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াসফিয়ার মুখপাত্র মোরশেদ মিশু জানান, আগামী জুনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দশম অ্যানুয়াল এক্সপ্লোরার সিম্পোজিয়ামে ওয়াসফিয়ার হাতে এই সম্মানজনক পুরস্কার তুলে দেয়া হবে।
 
মিশু জানিয়েছেন, ন্যাশনাল জিওগ্রাফি থেকে পাওয়া `ইমার্জিং এক্সপ্লোরার অ্যাওয়ার্ড`-এর ১০ হাজার ডলার প্রাইজমানি ওয়াসফিয়া তার গড়া ফাউন্ডেশনের নারী ও মেয়ে শিশুদের কল্যাণে ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
 
প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে রেকর্ড করেন ওয়াসফিয়াই নাজরীন।
 
শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি চলতি বছর পুরস্কারের জন্য মনোনীত ১৩ জন অভিযাত্রী, বিজ্ঞানী, প্রকৌশলী, পরিবেশবিদ ও লেখকের নাম ঘোষণা করে।
 
ওয়াসফিয়া ছাড়া এ তালিকায় আরও আছেন শ্রীলঙ্কার সমুদ্র গবেষক আশা দে ভোস, কানাডার জৈবিক নৃতত্ত্ববিদ মেরিনা এলিয়ট, চীনা পরিবেশবাদী গাউ ইউফাং, ইন্দোনেশিয়ার পানুত হাদিসিসইও, যুক্তরাষ্ট্রের বন্যপ্রাণ অপরাধ তদন্ত কর্মকর্তা নাফতালি হনিগ।
 
আছেন তাইওয়ানের প্রকৌশলী আর্থার হং, যুক্তরাষ্ট্রের জ্যোতিঃপদার্থবিজ্ঞানী জেদিদা আইলার, জাপানি নৃতাত্ত্বিক ইউকিনরি কাওয়াই, যুক্তরাষ্ট্রের লেখক ডেভিড ল্যাং, ভূ-জীববিজ্ঞানী জেফ্রি মারলো, জাম্বিয়ার জীববিজ্ঞানী থান্ডিউ মোয়েতয়া ও কানাডার নৃতত্ত্বাকি জেনেভাইব পিটজেইঙ্গার।