বরুণকে নিজের নতুন সংস্করণ মনে করেন সালমান

ভারতীয় মুভি যাদের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে তাদেরই একজন সালমান খান। আর এই সালমান খান অকৃপণভাবে প্রশংসা করলেন বি-টাউনের উঠতি তারকা বরুণ দাওয়ানের।
 
বললেন, 'বরুণ দাওয়ান আমার যুবক বয়সের নতুন সংস্করণ। তাকে দেখলে আমার যুবক বয়সের আমাকে মনে পড়ে।'
 
সম্প্রতি এক অনুষ্ঠানে হিন্দি মুভি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে গিয়ে এই কথাগুলো বললেন 'সুলতান'-সালমান।
 
শুধু বরুণ নয়, বলিউডের আর বেশ কয়েকজন উঠতি তারকার প্রশংসা করলেন 'বজরাঙ্গি ভাইজান'।
 
জানালেন, তাদের সময়ের তারকাদের ছায়া রয়েছে কোনো না কোনো উঠতি তারকার মাঝে। নতুনরা পুরাতনদের দেখে দেখে বড় হয়েছেন বলে নতুনদের মাঝে পুরাতনদের ছায়া রয়েছে।
 
'কিক' তারকা বললেন,  'আমি মনে করি, বরুণ আমার মতো। টাইগার শ্রফ খুবই মেধাবী, সুরাজও তাই। সিদ্ধার্থ খুবই ভালো করছে, ভালো করছে আদিত্যও।
 
অগ্রজদের প্রশংসা অনুজদের জন্য অনেক বড় আশীর্বাদ। আর সেই আশীর্বাদ যদি সালমান খান করেন তবে তো অনুজরা খুশিতে বগল বাজাতেই পারেন। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।