তারা ঝলমল কান চলচ্চিত্র উৎসব আরো আলোকিত হয়ে উঠলো ভারতীয় সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের পদচারণায়। শুক্রবার বিখ্যাত ফরাসি চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় পা রাখেন বচ্চন পরিবারের এই সুন্দরী বধূ।
১৫ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের একটি প্রসাধনী প্রতিষ্ঠানের পণ্যদূত হয়ে উৎসবে অংশ নিচ্ছেন অ্যাশ। তবে ভক্তদের মুগ্ধ করতে কোন সুযোগ বাদ রাখেননি তিনি। এবছর নতুন সিনেমা ‘সারাবজিত’এর প্রচারণার কাজে ব্যস্ত থাকায় নাকি পোশাক নির্বাচন করার সময় পাননি তিনি। সাফ বলে দিয়েছিলেন, তাকে নিয়ে যত খুশি হাসুক নিন্দুকেরা, তার গায়ে লাগবে না। তবে শেষ মুহূর্তের পছন্দ করা তার পোশাকটি ঠিকই ফ্যাশন সমালোচকদের মুখে কুলূপ এঁটে দিয়েছে।
ভারত থেকে ১৩ মে শুক্রবার সকালে ফ্রান্সের কান শহরে পৌঁছান অ্যাশ, বিকালে অংশ নেন উৎসবে। তার এবারের পোশাক ছিল সোনালি চুমকি এবং পুতির কারুকাজ বসানো সান্ধ্য পোশাক। কোমরে পরা ছিল সোনালি বেল্ট। জর্জেটের এই সান্ধ্য পোশাকটি তৈরি করেছেন কুয়েত ভিত্তিক ডিজাইনার আলি ইউনেস।
পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে ঠোঁটে মেখেছেন হালকা রঙের লিপস্টিক, তবে তার চোখের সাজ ছিল নজর কাড়া। ময়ূরের নীল রঙে চোখ সাজিয়েছিলেন এই অভিনেত্রী, যা আলাদাভাবে আকর্ষণ করেছে আলোকচিত্রীদের। উৎসবের দ্বিতীয় দিনে ফরাসি কমেডি সিনেমা ‘স্ল্যাক বে’ সিনেমাটি উপভোগ করেছেন তিনি। ১৪ মে দ্বিতীয়বারের মত লাল গালিচায় হাঁটবেন এই অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস।