চিকিৎসার জন্য বিত্তবানদের সাহায্য চায় বীথির বাবা-মা

বিরল রোগে আক্রান্ত বীথি আক্তারের বাবা-মা মেয়ের চিকিৎসায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। ১২ বছর বয়সী বীথির সারা শরীর ঘন চুলে ঢেকে রয়েছে।
 
বীথি যে রোগে আক্রান্ত তার নাম বায়ার্স-জার্কেইউকজ সিনড্রোম। এর ফলে হাইপারট্রাইকোসিস নামক জটিলতা সৃষ্টি হয়। এটি অয়ারউলফ সিনড্রোম নামেও পরিচিত। সারা পৃথিবীতে মাত্র পাঁচ জন এই রোগে আক্রান্ত।
 
টাঙ্গাইল জেলার নাগরপুরের জয়ভোগ গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করতো বিথি। সে জয়ভোগ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
 
বীথির মা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমার মেয়ের সারা শরীর জুড়ে লোম। যখন জন্মগ্রহণ করে তখনই ওর গায়ে লোম ছিল। আমরা ভেবেছিলাম বয়স বাড়লে এই সমস্যাটি চলে যাবে।
 
রোগটির কারণে বীথির ওপরের মাড়ি ফুলে গিয়ে দাঁত পড়ে গেছে। এছাড়াও তার ৩৮ কেজি শরীরের অর্ধেক ওজন তার স্তনের। এ কারণে সে এখন অন্যের সাহায্য ছাড়া দাঁড়াতেও পারে না।
 
তার মা বলেন, 'প্রথমে ভাবতাম আল্লাহ চেয়েছে বলেই আমাদের মেয়ে এমন হয়েছে। কিন্তু তার কষ্ট এখন আর সহ্য করতে পারি না।'
 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ফখরুল আলম জানান, সারা পৃথিবীতে চার থেকে পাঁচজনের অবস্থা বীথির মত। বীথি এখন তার তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
 
চিকিৎসকরা জানিয়েছেন, সার্জারি করে বীথির অবস্থার উন্নয়ন করা সম্ভব। স্তন ও মাড়িতে সার্জারি করে তা কমিয়ে হরমোন থেরাপির কথা ভাবছেন তারা। হরমোন চিকিৎসা দিয়ে তার শরীরের লোম কমানো সম্ভব।
 
বীথির বাবা আব্দুল রাজ্জাক পেশায় একজন অটোরিক্সা চালক। মেয়ের চিকিৎসায় এর মধ্যেই ৮০ হাজার টাকা খরচ করেছেন তিনি যার বেশিরভাগটাই করেছেন ঋণ নিয়ে। এমন অবস্থায় বীথির চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।