চাকরি প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শনিবার বাংলাদেশ সাধরণ ছাত্র পরিষদের ব্যানারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাজধানীর শাহবাগ চত্বরে মহাসমাবেশ করেছে।
মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মো. কামাল হোসেন।
তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর জন্য একটি ছাত্রের দাবিই যথেষ্ট । সেখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা রাস্তায় এসে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো দাবি জানানোর পর তা বাড়ানো হচ্ছে না। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই এ দাবি মেনে নেবেন।
মহাসমাবেশে সংহতি প্রকাশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মিন্টন বিশ্বাস, মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান সম্বন্নয়কারী ছালমা।
সাধারণ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস বলেন, সর্বশেষ সংসদ অধিবেশেনে সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রশ্ন করলে, প্রধানমন্ত্রী বলেন চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর পরিকল্পনা নেই।
সংগঠনের সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, আগামী বাজেট অধিবেশেনের মধ্যে যদি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর না করা হয় তাহলে আমরা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বর্জন ও অবরোধের মতো কর্মসূচী দিতে বাধ্য হবো।