ময়মনসিংহের হালুয়াঘাটে স্ত্রী হোসনে আরা বেগম (২৬) হত্যা মামলায় স্বামী সাইদুল ইসলামকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
রবিবার দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির এ রায় দেন।
আদালত সূত্র জানায়, হালুয়াঘাট উপজেলার গাঙ্গিনারপাড় গ্রামে সাইদুলে সঙ্গে হোসনে আরা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। এ ঘটনার জের ধরে সাইদুল ইসলাম ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর বিষ পান করিয়ে হোসনে আরা বেগমকে হত্যা করে।
ঘটনার পরদিন হোসনে বেগমের মা জুলেখা খাতুন হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই বছরের ২৭ ডিসেম্বর সাইদুল ইসলামকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। প্রায় দশ বছর পর রবিবার আদালত এ রায় প্রদান করে।