আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন মৌলবাদীদের সমূলে উত্পাটন করতে প্রশাসন, ছাত্র সংগঠন এবং ১৪ দলের মধ্যে মজবুত ঐক্য গড়ে, দূরত্ব ঘুচিয়ে একসঙ্গে কাজ করতে হবে।
রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিনেটভবনে আয়োজিত সংহতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য মজবুত হলে মৌলবাদীরা মাথা তুলে দাঁড়ানোর সাহস পাবে না। মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ছোবল দিয়ে রক্ত ঝরাবেই। তবে মাঠ পর্যায়ে আমাদের প্রশাসনিক দুর্বলতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়হীনতা অস্বীকার করার উপায় নেই। বাঁচতে হলে নিরপেক্ষ হয়ে বসে না থেকে ১৪ দলকে সঙ্গে নিয়ে দুর্গ গড়ে তুলতে হবে। এই সরকারের আমলেই শিক্ষক হত্যার তদন্ত শেষ করে বিচার করা হবে।
সভায় নিহত শিক্ষকের কন্যা রিজওয়ানা হাসিন শতভী আক্ষেপ করে বলেন, আমরা প্রথম দিন থেকে বিচারের আশ্বাস পাচ্ছি। কিন্তু খুনীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া কতদূর তার কিছুই আমাদের জানানো হচ্ছে না। খুনের পরিকল্পনাকারী থেকে শুরু করে যে আমার বাবার ঘাড়ে কোপটা মেরেছিল তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সংহতি ও মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ১৪ দলের নেতাকর্মী এবং রাবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ করে। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।