কী করে স্ত্রীকে ‘উচিত শিক্ষা’ দিতে হবে তা সহজ করে শেখালেন এক সৌদি চিকিৎসক! তাও দেশটির জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও-তে। স্ত্রীকে মারধর থেকে শুরু করে মানসিক নির্যাতনের এই ‘উচিত শিক্ষা’ শিখিয়ে ওই ‘থেরাপিস্ট’ অনলাইনে কুখ্যাত হয়ে উঠেছেন।
এডব্লিউনিউজ ডটকমের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদির জাতীয় টেলিভিশনে ওই ভিডিওটি সম্প্রচারিত হয়। কিন্তু সে দেশে মিডিয়া কঠোর সেন্সরশিপে থাকায় ভিডিওটি দেশের বাইরে আসেনি এতদিন।
সম্প্রতি এক মার্কিন রিসার্চ ইনস্টিটিউট ওই ভিডিওটি হাতে পায় ও ইউটিউবে আপলোড করে। এরপর থেকেই বিশ্বজুড়ে ওই ভিডিওর বিরুদ্ধে প্রবল সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
অভিযুক্ত ডাক্তার খালিদ আল সাকাবি ওই ভিডিওতে দাবি করেছেন, 'স্ত্রীকে পেটানো সহজ নয়, কিন্তু আল্লাহ চাইলে আমরা সহজেই সে বাধা পেরোতে পারি।'
ওই ভিডিওতে তিনি আরও বলেন, 'স্ত্রীকে মারধরের জন্য ইসলামিক নিয়ম মেনে চলতে হবে। মনে রাখতে হবে, স্ত্রীকে মারধর করাটা একটা নিয়মানুবর্তিতা। রাগ প্রকাশের মাধ্যম নয়।'
শুধু তাই নয়, ভিডিওতে ওই থেরাপিস্টের পরামর্শ, 'স্ত্রীকে মারতে হলে কোনও রড বা ধারাল অস্ত্র নয়, মারুন রুমাল দিয়ে। কারণ, তাকে বুঝিয়ে দিতে হবে, স্বামীর প্রতি কর্তব্য পালনে তিনি গাফিলতি দেখিয়েছেন।' সূত্র- এনডিটিভি।