ত্রাণের চাল আত্মসাতের ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে চারটি বিচার কার্যক্রম স্থগিত থাকছে। একই সঙ্গে আগামী ৬ সপ্তাহের মধ্যে মামলা বাতিল প্রশ্নের জারিকৃত রুল নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
গত এপ্রিল মাসে বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মিনুর বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার বিচার কার্যক্রম স্থগিত করে দেয়। একই সঙ্গে মামলাগুলো কেন বাতিল করা হবে না-এই মর্মে রুল জারি করে। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুর্নীতি দমন কমিশন।
দুদকের পক্ষে খুরশীদ আলম খান এবং মিনুর পক্ষে এম মাহবুদ্দিন খোকন শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ উপরিউক্ত আদেশ দেয়।
বিগত সেনা সমর্থিত তত্ত্ববধায়ক সরকারের আমলে মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে দুদক। মামলাগুলো রাজশাহীর বিভাগীয় স্পেশালাইজ আদালতে বিচারধীন থাকা অবস্থায় হাইকোর্টের রিট আবেদন করেন মিনু।