সাত খুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৪ মে

 
নারায়ণগঞ্জের সাত খুনের দুই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ২৪ মে ধার্য করেছে আদালত। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আরো পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে পরবর্তী এ দিন ধার্য করা হয়।
 
এর আগে আজ সকাল ৯টার মধ্যে প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাউন্সিলর নূর হোসেন, র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে আনা হয়।
 
২০১৪ সালের ২৭ এপ্রিল প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজন নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড থেকে অপহৃত হন। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ছয়জনের, পরদিন আরো একজনের লাশ ভেসে ওঠে।