ইনজুরির কারণে ক্যাম্প থেকে বাদ পড়লেন ইয়াসির শাহ

 
ইংল্যান্ডের বিপক্ষে কঠিন সিরিজকে সামনে রেখে পাকিস্তানের প্রস্তুতিতে আরেকটি বাধা এসেছে। হাঁটুর ইনজুরির কারণে লেগ স্পিনার ইয়াসির শাহ অনুশীলন ক্যাম্প থেকে ছিটকে পড়েছেন।
 
পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ক্যাম্প চলাকালীন ইয়াসির তার বাম হাঁটুতে ব্যথার অভিযোগ করে। এ কারণেই কাকুলের সেনা একাডেমিতে শুরু হওয়া ক্যাম্প থেকে তাকে ছুটি দেয়া হয়েছে। তবে হাঁটুর অবস্থা পর্যবেক্ষণ ও পুনর্বাসনের জন্য ইয়াসিরকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে। লাহোরে এমআরআই করার পরে ইনজুরির মাত্রা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
 
বুট ক্যাম্পের জন্য প্রাথমিকভাবে ঘোষিত ৩৫জনের মধ্যে ইয়াসিরের আগেই ইনজুরির কারণে বাদ পড়েছেন সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, অল-রাউন্ডার এমাদ ওয়াসিম ও স্পিনার জুলফিকার বাবর। তারা সকলেই বিভিন্ন ধরনের ইনজুরিতে ভুগছেন। এর মধ্যে হাফিজের সমস্যা হাঁটুতে।
 
পিসিবি জানিয়েছে, ৩৫ জনের মধ্যে এখন ৩০জনকে নিয়েই আগামী ২৮ মে পর্যন্ত ক্যাম্প চলবে।
 
কাকুলে অনুষ্ঠিত ফিটনেস টেস্টে পাকিস্তানের টেস্ট অধিনায়ক ও সিনিয়র ব্যাটসম্যান মিসবাহ-উল-হকের পরীক্ষা দেবার কথা রয়েছে। পুরো দলের উন্নতি পর্যবেক্ষনের জন্য আগামী সপ্তাহে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের কাকুলে পৌঁছাবার কথা রয়েছে। চলতি মাসে শেষে দলের সাথে যোগ দিবেন নবনিযুক্ত প্রধান কোচ মিকি আর্থার।-বাসস।