রোম মাস্টার্স শিরোপা জয়ের মাধ্যমে বছরের পঞ্চম শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন বিশ্বের এক নম্বর ডাবলস জুটি সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস।.
ইতালির রাজধানীতে রবিবারের ফাইনালে এই জুটি ৬-১, ৬-৭ (৫/৭), ১০-৩ গেমে রাশিয়ান জুটি এলিনা ভেসনিনা ও একাটেরিনা মাকারোভাকে পরাজিত করে শিরোপা লাভ করেন। রোমে ইন্দো-সুইস জুটির এটাই প্রথম শিরোপা।
এর আগে শনিবার সেমিফাইনালে ইরিনা-ক্যামেলিয়া বেগু ও মোনিকা নিকুলেসকু জুটিকে পরাজিত করে শীর্ষ বাছাই সানিয়া-মার্টিনা টানা তৃতীয় ক্লে কোর্ট ফাইনাল নিশ্চিত করেন। ফাইনালে প্রথম সেটে মাত্র ২৪ মিনিটে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় সেটেও ৫-৩ গেমে এগিয়ে গিয়েছিল। কিন্তু রাশিয়ান জুটি দারুণভাবে লড়াইয়ে ফিরে এসে টাই ব্রেকে দ্বিতীয় সেট জিতে নেন। কিন্তু তৃতীয় সেটে আর দাঁড়াতেই পারেনি রাশিয়ান জুটি। ফেব্রুয়ারিতে দোহা ওপেন জয়ের পরে এটাই সানিয়া-হিঙ্গিসের প্রথম শিরোপা।-বাসস।