বিএসএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে ম্যারাডোনার সম্মতি

এবার বোধহয় সত্যিই ফুটবল ইশ্বরের পদধূলি পড়ছে বাংলাদেশে। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা বাংলাদেশ সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য সম্মতি জানিয়েছেন। এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম আজকাল।
 
অবশ্য এর সত্যতাও নিশ্চিত করেছেন  ফ্র্যাঞ্চাইজ ফুটবলের অন্যতম আয়োজক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, ‘এই আসরে ম্যারাডোনা আমাদের সঙ্গে থাকছেন। তাঁর সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং সম্মতি আছে। আশা করছি, ভবিষ্যতে এতে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না।’
 
তবে সবার আগে ভেন্যু নিশ্চিত করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আসলে ভেন্যুর নিশ্চয়তা না পাওয়া গেলে আমরা খেলা শুরু করবো কিভাবে। সরকারের সঙ্গে আগামী মাসে দেশব্যাপী ভেন্যুগুলো নিয়ে আলাপ-আলোচনা ও এর মানোন্নয়নের ব্যাপারে আলোচনা হবে। আমরা আশাবাদী ম্যারাডানোর সঙ্গে আমাদের যে যোগাযোগ ও সম্মতি রয়েছে তাতে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। তবে আমরা যদি মাঠের নিশ্চয়তা না পাই তাহলে ম্যারাডোনার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করি কিভাবে? সবার আগে প্রয়োজন বাংলাদেশ সুপার লিগ মাঠে গড়ানোর নিশ্চয়তা।