জকোভিচকে হারিয়ে রোম মাস্টার্সের শিরোপা জিতলেন মারে

প্রথমবারের মত ক্লে কোর্টে নোভাক জকোভিচকে পরাজিত করে শিরোপার স্বাদ পেয়েছেন অ্যান্ডি মারে। ১৯৩১ সালে প্যাট হিউজেসের পরে ব্রিটিশ কোন খেলোয়াড়ের এই টুর্নামেন্টের শিরোপা প্রাপ্তি এটাই প্রথম। 
 
নিজের ২৯তম জন্মদিনে এই স্কটিশ রবিবার রোম মাস্টার্সের ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় জকোভিচকে সহজেই ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করে শিরোপা লাভ করেন। মাত্র এক সপ্তাহ আগে মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে এই জকোভিচের কাছেই পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করেছিলেন মারে। 
 
ক্লে কোর্টে এর আগে খেলা চারটি ম্যাচের প্রতিটিতেই জকোভিচের কাছে পরাজিত হয়েছিলেন মারে। কিন্তু রাফায়েল নাদাল ও কেই নিশিকোরির মত শীর্ষ সারির খেলোয়াড়দের বিপক্ষে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করা জকোভিচের জন্য শেষ ম্যাচটা ছিল বেশ কঠিনই। এছাড়া বাম গোঁড়ালিতে ব্যান্ডেজ নিয়ে তিনি কোর্টে নেমেছিলেন। 
 
এদিকে মহিলাদের বিভাগে অল মার্কিন ফাইনালে স্বদেশী মাডিসোন কেইসকে ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে পরাজিত নয় মাস পরে কোন শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। গত আগস্টে সিনসিনাতি মাস্টার্সের শিরোপা জিতেছিলেন সেরেনা। রোমে এটা সেরেনার চতুর্থ শিরোপা। গার্ডিয়ান।