শারজায় প্রাণ গ্রুপের ‘সাকসেস মিট’ অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতের আমদানিকারক ও পরিবেশকদের নিয়ে ‘সাকসেস মিট’ শীর্ষক সম্মেলন করেছে প্রাণ গ্রুপ। চলতি মাসের প্রথম সপ্তাহে শারজার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত বাৎসরিক এ সম্মেলনে বিপণন ও বিক্রয়ের প্রায় ৪০০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
 
প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী বলেন, অচিরেই প্রাণ বিশ্বের শীর্ষ ফুড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করবে। এ লক্ষ্য অর্জনে কর্মকর্তা-কর্মচারী, আমদানিকারক ও পরিবেশকদেরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান তিনি।
 
প্রাণ-আরএফএল পণ্যের মাধ্যমে বাংলাদেশ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে বলেও আশা প্রকাশ করেন। আন্তরিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে এবং নিজেদেরকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
 
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ইমরান, কনস্যুলেট জেনারেল বদিরুজ্জামান, কমার্শিয়াল কাউন্সিলর ড. একেএম রফিক আহম্মেদসহ প্রাণ গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
 
সংযুক্ত আরব আমিরাতে ফ্রুটো, লিচি, পাওয়ার ও বাসিল সিড ড্রিংক, মুড়ি, চানাচুর, ঝালমুড়ি, সরিষার তেল, মসলা, সুগন্ধি চাল, লাচ্ছা সেমাই, লাচ্চি, ডাবের পানি, খনিজ পানি, বিস্কুট, ড্রাই কেক ও প্রাণ আপ নিয়মিতভাবে রফতানি হচ্ছে। ২০০৩ সালে প্রাণ মধ্যপ্রাচ্যের এ দেশটিতে রফতানি কার্যক্রম শুরু করে।