মাহমুদুলের অলরাউন্ড নৈপুণ্যে আবারো হারলো আবাহনী

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবারো হারলো ঢাকা আবাহনী লিমিটেড। সোমবার কলাবাগানের কাছে ৩ উইকেটে হেরেছে আবাহনী। টুর্নামেন্টে এটি দলটির টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থ হার।এদিন কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমিকে প্রথম জয় এনে দিতে তিন উইকেট নেওয়ার পর শতক করেছেন মাহমুদুল।
 
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮২ রান করে আবাহনী। জবাবে ৪৬ ওভার ৫ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলাবাগান।
 
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় কলাবাগান। তবে এর কোনো প্রভাব দলের ওপর পড়তে দেননি যতিন সাক্সেনা ও অধিনায়ক মাহমুদুল। তৃতীয় উইকেটে এই দুই জনে গড়েন ৭৭ রানের চমৎকার এক জুটি।
 
৪১ বলে ৪৩ রান করে যতিন ফিরে যাওয়ার পর ছন্দপতন ঘটে কলাবাগানের রান তাড়ায়। দ্রুত ফিরে যান মেহেদি হাসান মিরাজ ও মাইশুকুর রহমান। ১৬৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া কলাবাগানকে পথ দেখান মাহমুদুল ও তাপস ঘোষ।
 
১৪ ওভার স্থায়ী ষষ্ঠ উইকেটে তাদের ৮২ রানের জুটি ম্যাচ পুরোপুরি কলাবাগানের মুঠোয় নিয়ে আসে। এরপর ফিরে যান তাপস (৪৭) ও লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় শতক পাওয়া মাহমুদুল। তবে জয় পেতে কোনো সমস্যা হয়নি আগের ছয় ম্যাচে হারা কলাবাগান অ্যাকাডেমির।
 
ম্যাচ সেরা মাহমুদুল ১১১ বলে করেন ১০৬ রান। তার অধিনায়কোচিত ইনিংসটি ৮টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। সাকলাইন সজীবের বলে দুই ছক্কা হাঁকিয়ে বিশ্বনাথ হালদার ম্যাচ শেষ করে দেওয়ার সময় কলাবাগানের হাতে ছিল ১৯ বল।
 
আবাহনীর আবুল হাসান তিন উইকেট নেন ৪৭ রানে।
 
এর আগে তামিমের সঙ্গে ৮ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন অভিষেক মিত্র। পরপর দুই ওভারে তামিম (৫২ বলে ৪৮) ও লিটন দাসকে (৮ বলে ৮) বিদায় করে আবাহনীকে চাপে ফেলেন মাহমুদুল।
 
চলতি লিগে নিজের প্রথম অর্ধশতককে বড় করতে পারেননি অভিষেক। ৬৩ রান করে ফিরে যান তিনি। উইকেটে থিতু হয়ে বিদায় নেন মনোজ তিওয়ারি ও নাজমুল হোসেন শান্ত (৪৮ বলে ৩৭)।
 
চলতি মৌসুমে আবাহনীর তৃতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে খেলেন তিওয়ারি। ভারতের এই ব্যাটসম্যান ৫০ বলে করেন ৪০ রান। শেষের দিকে মোসাদ্দেক হোসেন (৪২) ও আবুল হাসান (২২) চেষ্টা করেছিলেন কিন্তু তিনশ’ পর্যন্ত নিতে পারেননি দলের সংগ্রহ। ৪৭ রানে তিন উইকেট নিয়ে কলাবাগানের সেরা বোলার মাহমুদুল। অলরাউন্ড নৈপুণ্যে তিনিই ম্যাচ সেরা।