অস্বচ্ছল বিচারপ্রার্থী জনগণের মামলা পরিচালনার জন্য গঠিত প্যানেলের আইনজীবীদের ‘ফি’ বৃদ্ধির প্রস্তাব করেছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। প্রস্তাবে জেল আপিল মামলায় বর্তমানে ৩ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫ হাজার টাকা রাখার প্রস্তাবের পাশাপাশি ফৌজদারি মামলার ক্ষেত্রে ৬ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১০-১৩ হাজার ও দেওয়ানি মামলার ক্ষেত্রে ৭ হাজার থেকে বৃদ্ধি করে ১৩ হাজার টাকা পর্যন্ত ফি বৃদ্ধি করার প্রস্তাব করে কমিটি। কমিটির এই প্রস্তাব পাসের জন্য জাতীয় পরিচালনা বোর্ডে প্রেরণ করা হয়েছে। কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব গ্রহণ করা হয়।
সোমবার অনুষ্ঠিত ওই বৈঠকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ, কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট টাইটাস হিলোল রেমা, রুমা সুলতানা, এ,কে,এম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে এডভোকেট অন রেকর্ডসহ মামলা পরিচালনাকারী প্যানেল আইনজীবীর জন্য ন্যূনতম গ্রহণযোগ্য ফি রাখার সুপারিশ করা হয়েছে। লিগ্যাল এইড প্রাপ্তির ক্ষেত্রে আর্থিক আয়ের সীমা বাড়ানো বিষয়ে জাতীয় পরিচালনা বোর্ডের সাথে মতবিনিময়ের সিদ্ধান্ত হয়। এছাড়া জেলখানায় আটক বন্দিদের আইনি সেবার মানোন্নয়নে দেশের প্রত্যেকটি জেলা কারাগারে চিঠি প্রেরণ করে তথ্য বিনিময়ের পাশাপাশি জেল আপিল মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দেখার অনুরোধ জানানো হয়েছে।