গেইল-হাসির রেকর্ড ৭৩৩ রানকে ছাড়িয়ে আইপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক এখন বিরাট কোহলির। ৮৩.৫৫ গড় রানে মাত্র ১২ ইনিংসে তিনি ছাড়িয়ে গেছেন দুই হার্ডহিটার ব্যাটসম্যানকে।
এর আগে রেকর্ডটির যৌথ মালিকানায় ছিল মাইক হাসি ও গেইল। ২০১২ আইপিএলে বেঙ্গালুরুর হয়েই ১৪ ইনিংসে ৭৩৩ রান করেছিলেন গেইল। ১টি শতকের পাশে ছিল ৭টি অর্ধশতক, গড় ৬১.০৮। ২০১৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৭ ইনিংসে হাসি করেছিলেন ঠিক ৭৩৩ রানই। শতক ছিল না, অর্ধশতক ৬টি, গড় ৫২.৩৫।
সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংসের পথে সেটি ছাড়িয়ে যান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি। অবশ্য কোহলি তাদের ছাড়িয়ে গেছেন ১২ ইনিংসেই। কলকাতার বিপক্ষে ম্যাচের পর তার রান ৭৫২। ৩টি শতকের পাশে ৫টি অর্ধশতক।
এবারের আইপিএলের আগে টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি ছিল না কোহলির। সেখানে এবার করে ফেলেছেন রেকর্ড ৩টি সেঞ্চুরি! আইপিএলের এক আসরে একাধিক সেঞ্চুরি আগে ছিল শুধু একজনেরই। ২০১১ আইপিএলে বেঙ্গালুরুর হয়ে দুটি সেঞ্চুরি করেছিলেন গেইল। সেবার ১২ ইনিংসে রান করেছিলেন ৬০৮।
আইপিএলে আরো একবার সাতশ’ রান করেছিলেন গেইল। ২০১৩ আইপিএলে তার ৭০৮ এক আসরে সর্বোচ্চ রানের তালিকায় এখন চারে।
কোহলির আগের সেরা আসর ছিল ওই ২০১৩ আইপিএলই। সেবার ৬টি অর্ধশতকে করেছিলেন ৬৩৪ রান, একবার আউট হয়েছিলেন ৯৯ রানে। এবারের আসরে সর্বোচ্চ রানের তালিকায় কোহলির পরই আছেন ডি ভিলিয়ার্স। ১২ ইনিংসে ১ শতক ও ৫ অর্ধশতকে রান ৫৯৭।
টুর্নামেন্টে আরো অন্তত দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে বেঙ্গালুরু। কোহলিরও সুযোগ থাকছে তাই রেকর্ডটি আরো সমৃদ্ধ করার। ডি ভিলিয়ার্সের সুযোগ আরো এগিয়ে যাওয়ার। বিডি নিউজ।