মন্ত্রীদের আশ্বাসে অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবির আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিতের বিষয়টি জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম শান্তনু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ্ আজম জানান, ‘মন্ত্রীদের অনুরোধের প্রেক্ষিতে অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবির আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে দোষীদের শনাক্তকরণে এবং শাস্তিবিধানে সংশ্লিষ্ট দফতরগুলোর আন্তরিকতার অভাব পরিলক্ষিত হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’
এদিকে ইংরেজি বিভাগও তাদের চলমান কর্মসূচি স্থাগিত করেছে বলে নিশ্চিত করেন বিভাগের সভাপতি এ এফ এম মাসউদ আখতার। মামলার অগ্রগতি না দেখলে ছুটির পরে নতুন কর্মসূচি হাতে নেয়া হবে বলে উল্লেখ করেন সভাপতি।
গত ২৩ এপ্রিল থেকে শিক্ষক সমিতি ও ইংরেজী বিভাগ শিক্ষক হত্যার বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি করে আসছিল। গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২০ থেকে ২৬ মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৭ মে তারিখে পর ইংরেজি বিভাগ ও শিক্ষক সমিতি নতুন কর্মসূচির কথা বিবেচনা করবে বলে জানা গেছে।
এর আগে গত ১৪ ও ১৫ মে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের এসে আন্দোলনে সংহতি প্রকাশ করে শিক্ষক হত্যার দ্রুত বিচারের আশ্বাস দেন। ওই সময় তারা আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ করেন।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল রাজশাহী নগরীর শালবাগান এলকায় নিজ বাড়ির অদূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এদিকে সোমবার অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে জড়িত থাকার জামায়েতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।