আদালতে নথি জাল-জালিয়াতির মামলায় ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ-দুই আদালতের বেঞ্চ সহকারী মোহম্মদ মোসলেহ উদ্দিনের জামিন কেন বাতিল করা হবে না-এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমীর হোসেনের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে জামিন বাতিল প্রশ্নে রুল জারি করে।
গত বছরের ১ ডিসেম্বর আসামি মোসলেহ উদ্দিনকে জামিন দিয়েছিল ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হাসেন মোল্লা।
আসামির বিরুদ্ধে অভিযোগ, তিনি ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ-দুই আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে আদালতের নথি জাল করে ভুয়া জামিনমানা সৃষ্টি করে বিভিন্ন মামলার আসামিদের কারামুক্তির ব্যবস্থা করেছেন।
এই জাল-জালিয়াতির ঘটনায় গত বছরের ১২ জুলাই মহানগর দায়রা জজের নাজির মোহম্মদ ওবায়দুল আকন্দ কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।
এই মামলার অপর আসামি উমেদার মোহম্মদ ইসমলাইলকে কেন জামিন দেয়া হবে না-এই মর্মে রুল জারি করেছে আদালত। আগামী ৭ জুন উভয় রুলের শুনানির জন্য দায়ের করেছে হাইকোর্ট।
ইসমাইলের জামিন আবেদন শুনানিকালে বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিনের জামিনের বিষয়টি নজরে আসে।এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে।