খেলোয়াড়রা মানসিকভাবে দৃঢ় নয় : টিটু

জাতীয় দলের ফিটনেসে তেমন কোনও ঘাটতি না থাকলেও মানসিক দৃঢ়তায় ঘাটতি রয়েছে বলে মনে করেন দলের সহকারী কোচ সাইফুল বারী টিটু। সোমবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে একথা বলেন তিনি।
 
তিনি বলেন, ‘যেহেতু খেলোয়াড়রা স্বাধীনতা কাপে খেলেছে তাই ফিটনেস নিয়ে তেমন চিন্তার কিছু দেখছি না। তবে বেশ কিছু দিন ধরে যেহেতু খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতার মাঝে নেই, তাই তাদের মানসিকতায় কিছু দুর্বলতা লক্ষ্য করেছি। আমি বিগত কয়েক দিনে তাত্বিক ও শারীরিক উভয় প্রকার অনুশীলনেই খেলোয়াড়দের উজ্জীবিত করার চেষ্টা করেছি। বাকি কাজগুলো লোডভিক ডি ক্রুইফ বাংলাদেশে এসে করবেন। লোডভিকের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রয়েছে। আমার দলের সার্বিক পরিস্থিতি নিয়ে লোডভিক ডি ক্রুইফ অবগত আছেন।’ 
 
এসময় প্রসঙ্গ উঠে আসে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মামুনুল ইসলামকে নিয়েও। তার সম্পর্কে টিটুর মূল্যায়ন এরকম, ‘মামুনুল এই মুহূর্তে ম্যাচ ফিট নন। কিছুদিন নিয়মতান্ত্রিক অনুশীলনের বাইরে থেকে ওজন কিছুটা বাড়িয়ে ফেলেছেন। তবে এটা বড় কোনও সমস্যা নয়।’
 
তিনি আরও যোগ করেন, ‘লোডভিক ডি ক্রুইফ এসে মামুনুলকে কিছু বাড়তি অনুশীলনের প্রেসক্রিপশন দেবেন। বাড়তি কিছু অনুশীলন করলেই মামুনের ম্যাচ ফিটনেস ফিরে আসবে। স্কিল লেভেল নিয়ে মাথা ব্যাথার কোনও কারণ নেই। ওর সেসব ঠিক আছে।’
 
আগামী ২ ও ৭ জুন দুশানবে ও ঢাকায় তাজিকিস্তানের বিপক্ষে প্লে-অফ ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।