নিক্সন চৌধুরীর সমর্থিত তিন উপজেলা চেয়ারম্যান জয়ী

ইত্তেফাক রিপোর্ট

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারিভাবে জয়লাভ করেছেন। বিজয়ীরা হলেন ভাঙ্গা উপজেলায় এসএম হাবিবুর রহমান, সদরপুরে কাজী শফিকুর রহমান (শফি কাজী) এবং চরভদ্রাসনে মোশাররফ হোসেন (ভিপি মোশা)।

গতকাল সোমবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যান এবং পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভাঙ্গা উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের এসএম হাবিবুর রহমান নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন মিয়াকে পরাজিত করেন। সদরপুর উপজেলায় আনারস প্রতীকের শফি কাজী নৌকার প্রার্থী সাহেদিদ গামাল লিপুকে এবং চরভদ্রাসনে টেলিফোন প্রতীকের ভিপি মোশা পরাজিত করেন নৌকার প্রার্থী কাউসার হোসেনকে।