রাউজানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম কচুখাইন গ্রামের গণি মিয়া হাটের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- দিনমুজুর মনির আহমদের ছেলে আহমদিয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র মুহাম্মদ মামুন (১০) ও হাটহাজারী উপজেলার বুড়িশ্চরের ফরিদ আলমের মেয়ে সুমাইয়া আকতার (৮)।
 
জানা গেছে, নিহত দুই শিশুর পরিবার গণি মিয়া হাটের পাশে ভাড়া ঘরে বসবাস করেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই দুই শিশু মাদ্রাসা থেকে আসার পর একসঙ্গে বাসার পেছনের পুকুরে গোসল করতে যায়। কিন্তু পুকুরে নেমেই তারা পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে।