২৪ ঘণ্টায় আসামীকে আদালতে না আনার ব্যাখ্যা চাইলো হাইকোর্ট

আসামিকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করায় তদন্তকারী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা তলব করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাবের এসআই মো. ফারুক ফকিরকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

 
আসামির জামিন আবেদনের শুনানির এক পর্যায়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
 
মামলার বিবরণে জানা যায়, গাজীপুরের বাঘারবাজারস্থ পুষ্টমদাম রিসোর্টের ৪০৪ নম্বর কক্ষ থেকে অস্ত্র সহ খায়রুল আলম সুজন ও সজীব আহমেদ সাকিলকে গত বছরের ২৭ ফেব্রুয়ারি গ্রেফতার করে র‍্যাব। আসামি সুজনের প্যান্টের পকেট হতে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এর পর ১ মার্চ তাদেরকে আদালতে হাজির করা হয়।
 
নিম্ন আদালতে আসামিরা জামিন চাইলে তা না  মঞ্জুর হয়। ওই আদেশের বিরুদ্ধে তারা হাইকোর্টে রিভিশন আবেদন করেন। আবেদনে মামলার ফরোয়ার্ডিং যুক্ত করে দেয়া হয়।
 
সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আটকের তিনদিন পর আসামিকে আদালতে হাজির করার কারণে তদন্তকারী কর্মকর্তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট।