মিশুক-তারেক নিহতের মামলায় সাক্ষ্যগ্রহণ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচজন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার ২৪তম সাক্ষী সাক্ষ্য দিয়েছে।
 
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবির তৎকালীন বিআরটিএর সহকারী পরিচালক মো. আবদুস সাত্তারের সাক্ষ্যগ্রহণ করেন।
 
আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বাসচালক জামির হোসেনের অনুপস্থিতিতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। সরকার পক্ষের এপিপি আফসারুল ইসলাম মনি ও একেএম নুরুল হুদা রুবেল এ সাক্ষীকে জেরা করেন। বুধবার বিচারক আসামি জামির হোসেনকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
 
বুধবার একই আদালতে এ সাক্ষীর জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী মাধব সাহা। এ মামলায় মোট ৩৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে।
 
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামক স্থানে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসের সঙ্গে মিশুক মুনীর ও তারেক মাসুদদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদ, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন, কর্মী জামাল হোসেন ও মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান নিহত হয়।