‘বিএনপি চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করেছে’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিএনপি এখন চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করেছে। ইসরাইলের গোয়েন্দা সংস্থার (মোসাদ) সঙ্গে বৈঠক করায় তাদের দেশপ্রেমটাও প্রশ্নবিদ্ধ হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডের রেলওয়ে ওভারপাসের ২ লেন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, যানবাহন ও যাত্রীদের নিরবচ্ছিন্ন চলাচলের স্বার্থে রমজানের আগেই মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেনের ২০ শতাংশ কাজ বাকি আছে। বিভিন্ন স্থানে ফিনিশিংয়ের কাজ চলছে। বৃষ্টির কারণে ফোরলেনের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। কাজ শেষ হলেই প্রধানমন্ত্রী এ সড়কের উদ্বোধন করবেন।
 
এ সময় অন্যদের মধ্যে ফোরলেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, সওজ কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবিব, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন, ফোরলেন প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।