ডিপিএলের পর শুরু হাই-পারফর্মেন্স ক্যাম্প

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের পরই শুরু হবে হাই পারফর্মেন্স কার্যক্রম। রিচার্ড ম্যাকিন্সের তত্ত্বাবধানে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কার্যক্রম পরিচালিত হয়।
 
কিন্তু এরপরই বন্ধ হয়ে যায় এই কার্যক্রম। নতুন করে প্রয়োজনীয়তা অনুভব করায় নতুন কাঠামোতে গত বছর জুনের প্রথম সপ্তাহে শুরু হয় ফের এইচপি'র কার্যক্রম। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রবির সঙ্গে কৌশলগত চুক্তি অনুষ্ঠানে বিসিবি সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনাম বিষয়টি নিশ্চিত করেন।
 
মাহবুব আনাম বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত ফাস্ট বোলিং হান্টের বাছাইকৃত খেলোয়াড়দের প্রতি মাসে তাদের একটি করে স্কলারশিপ দিচ্ছে রবি। প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে যারা ফাস্ট বোলিং হান্টে ছিল; তাদের আমরা দুই সপ্তাহের ট্রেনিং করিয়েছি। তাদের থেকে প্রায় ৬ জন খেলোয়াড় এবার লিগ খেলছে। এটা থেমে নেই, প্রক্রিয়াধীন। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর এইচপি ক্যাম্প শুরু হবে। ওখানে তারা আরও ট্রেনিং করার সুযোগ পাবে।
 
প্রসঙ্গত, হাইপারফরম্যান্স ইউনিটে সুযোগ পাবেন বিসিবি একাডেমি, অনূর্ধ্ব-১৯ দল, প্রতিভাবান তরুণ ক্রিকেটার ও জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা।