গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে বাংলাদেশ রেলওয়ে স্পোর্টিং ক্লাবকে বিশাল ব্যবধানে হারিয়েছে উষা ক্রীড়া চক্র। মঙ্গলবার মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় খেলায় ১৩-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় উষা। এর মধ্যে একাই ছয় গোল করেন ঊষার জাতীয় ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয়।
নিলয় তার প্রথম তিনটি গোল করেন ১৮, ৩১ ও ৫০ মিনিটে। পরের তিনটি করেন ৬২, ৬৮ ও ৬৯ মিনিটে। যা এবারের লিগের প্রথম হ্যাটট্রিক। ঊষার প্রতিভাবান খেলোয়াড় মাহবুব হোসেন করেছেন তিনটি গোল। বাকি চারটি গোল এসেছে রেজাউল করিম বাবু, মিথুন কৃষ্ণ কুমার ও নিজামউদ্দিনের স্টিক থেকে।
দিনের অন্য খেলায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে অ্যাজাক্সকে পরাজিত করে। বাংলাদেশ এসসি'র প্রিন্স, সোহেল, শাহবাজ আলী ও গুরপ্রতাপ সিং করেন একটি করে গোল। অ্যাজাক্সের রাহাত সারোয়ার একা করেছেন ২টি গোল। তবে তা শুধু পরাজয়ের ব্যবধানই কমায়।