পশ্চিমবঙ্গে তৃণমূল, আসামে বিজেপি, কেরালায় বাম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মত জয়ী হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও কেরালায় বামপন্থীদের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসতে চলেছে।
 
বুথ ফেরত জরিপে বিজেপির জয়ী হওয়ার সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে। যদিও অন্য তিনটি প্রদেশে আঞ্চলিক দলগুলোর কাছে পরাজয় বরণ করতে যাচ্ছে হিন্দু জাতীয়তাবাদী দলটি।
 
গত এপ্রিল ও মে মাসে ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা ও পন্ডিচেরিতে রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার থেকে এসব রাজ্যের ভোট গণনা শুরু হবে।
 
বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে আসামের নির্বাচনে বিজেপি ৭৩টি আসনে জয়ী হতে পারে যা সরকার গঠনের জন্য যথেষ্ট। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৩৭টি আসন। তবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালায় বিজেপি ভোটারদের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়েছে বলে বুথ ফেরত জরিপে দেখা গেছে।
 
অন্যদিকে কেরালায় ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে হারিয়ে বামপন্থীরা জয়ী হতে চলেছে বলে সমীক্ষায় দেখা যাচ্ছে। সেখানে বামপন্থী ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ)৭৯টি আসন আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ৫৭টি আসনে জয়ী হতে পারে।
 
অপরদিকে তামিলনাড়ুতে আঞ্চলিক দল ডিএমকে পেতে পারে ১২০টি আসন। প্রতিপক্ষ এআইডিএমকে ১০৩ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকার জোর সম্ভাবনা রয়েছে।
 
এছাড়াও বিভিন্ন সমীক্ষায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারো ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। তারা ১৮৪টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। সেখানে বাম ও কংগ্রেস জোটকে ১০৩ টি আসন নিয়েই বিরোধী দলে থাকতে হতে পারে। আর বিজেপির ঝুলিতে যেতে পারে সর্বোচ্চ ৫টি আসন। সূত্র: বিবিসি