শুক্রবার শুরু আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি

রাজধানীর দশটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে আগামী ২০ মে থেকে শুরু হচ্ছে 'ডিআইইউ আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট'।
 
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও টুর্নামেন্ট কমিটির কো-কনভেনর ইসহাক মিজি গণমাধ্যমের সামনে এসব ঘোষণা দেন।
 
এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার, জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।
 
আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে টুর্নামেন্টটি শুরু হবে। ১০টি বিশ্ববিদ্যালয় দু গ্রুপে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকেনোলজি, সিটি ইউনিভার্সিটি, গ্রীন ইউনিভার্সিটি, ইষ্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি ও স্বাগতিক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
 
৩ জুন ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্ট শেষ হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ দল ট্রফি ছাড়াও প্রাইজ মানি পাবে যথাক্রমে ৫০ হাজার ও ৩০ হাজার টাকা। ফেয়ার প্লে ট্রফি উইনার টিম ট্রফির সাথে প্রাইজ মানি হিসেবে পাবে ১৫ হাজার টাকা।