আগামী জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে। সব ধরনের পণ্য ও সেবার উপর ১৫ শতাংশ হার, প্যাকেজ পদ্ধতি ও ট্যারিফ মূল্য বাতিল করে নতুন ওই ভ্যাট আইন কার্যকর হওয়ার উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকেই এর বিরোধিতা করে আসছেন। এ নিয়ে অর্থমন্ত্রণালয় ও এনবিআরের সঙ্গে দফায় দফায় বৈঠক করার পরও কার্যত কোনো ফল মেলেনি। এর পর গত রবিবার দ্বিতীয় দফা প্রধানমন্ত্রীর কাছে ভ্যাটের ‘রূপরেখা’সহ একটি চিঠি পাঠান এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, নতুন ভ্যাট আইন কার্যকর হলে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ব্যবসায়ী ও ভোক্তার অসন্তোষের সুযোগ নিয়ে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কার কথাও জানান তিনি। এ সময় তিনি হ্রাসকৃত হার ও প্যাকেজ ভ্যাট ব্যবস্থা বহাল রাখার অনুরোধ জানান। এছাড়া খাতভিত্তিক প্যাকেজ ভ্যাটের হার কত হতে পারে তাও উল্লেখ করা হয়।