ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল শুনানিতে উঠে এল উচ্চ আদালতের বিচারক অপসারণ সংক্রান্ত সংবিধানের ১৬তম সংশোধনীর বিষয়টিও।
শুনানির এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ের আদেশের অংশে হাইকোর্ট বলেছে এই সংশোধনী ইতিহাসের দুর্ঘটনার অংশ। এটা কি হাইকোর্টের বিচারকরা বলতে পারেন? এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ পায়নি। রায় প্রকাশের পর সেটি পর্যালোচনা করে এরপর এ বিষয়ে বক্তব্য রাখুন। অন্য মামলার আপিলের শুনানিতে ১৬তম সংশোধনী মামলা নিয়ে আলোচনা করতে চাই না। পরে অ্যাটর্নি জেনারেল ৫৪ ধারার ওপর শুনানি করেন।
প্রসঙ্গত গত ৫ হাইকোর্ট বিচারক অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয়। রায়ে এই সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামো ও ক্ষমতার পৃথকীকরণ নীতির পরিপন্থী বলে অভিহিত করা হয়।
রায়ে বলা হয়, এই সংশোধনী থাকলে বিচারপতিদের সংসদ সদস্যদের করুণাপ্রার্থী হয়ে থাকতে হবে। যা বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে।