স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে এসএসসিতে অকৃতকার্য মেধাবী বিথী রাণী

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিতে কুমারী বিথি রাণী নামের এক মেধাবী শিক্ষার্থী সদ্য প্রকাশিত এস এস সি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হয়েছে।
সে যশোর শিক্ষা বোর্ডের অধীনে ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এস এস সি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার রোল নং ১২৫২৩৪। ভাল পরীক্ষা দেওয়ার পরও অকৃতকার্য ফল হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছে বিথি। একই সঙ্গে তার উচ্চ শিক্ষা গ্রহণ করা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।
বিথির পিতার নাম শংকর হালদার। জানা যায়, বিথী রাণী প্রবেশপত্রে ভুলক্রমে হিন্দু ধর্মের পরিবর্তে ইসলাম ধর্ম চলে আসে। সংশোধনের জন্য বিষয়টি তাৎক্ষনিক ভুক্তভোগী শিক্ষার্থী ও তাঁর অভিভাবকরা বিদ্যালয় প্রধানসহ স্কুল কর্তৃপক্ষকে জানালেও তাঁরা যথাযথ গুরুত্ব দেয়নি। “ওটা মামুলি ব্যাপার, বোর্ডে গেলেই সব ঠিক হয়ে যাবে” বলে দায় এড়ায় তারা। কর্তৃপক্ষের এমন আশ্বাসে হিন্দু ধর্ম অনুযায়ী এস এস সি পরীক্ষায় অংশ নেয় বিথি রাণী। শেষ পর্যন্ত চুড়ান্ত ফলাফলে দেখা যায়, বিথি রাণী বাংলা বিষয়ে (এ), ইংরেজীতে (এ), অংকে (এ+), বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে (এ), পদার্থে (এ+), রশায়নে (এ+), জীববিজ্ঞানে (এ), শারিরীক শিক্ষায় (এ), কৃষি শিক্ষায় (এ) গ্রেড পেলেও মার্কশিটে ধর্ম (ইসলাম) উল্লেখ করে এফ গ্রেড লেখা রয়েছে।
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবর রহমান’র কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, কম্পিউটার মিসটেকের কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আজ-কালকের মধ্যেই বোর্ডে গিয়ে বিষয়টির সমাধান করা হবে।