লোহাগড়ায় দুই শতাধিক হিন্দু পরিবার জীবনের নিরাপত্তাহীনতায়

নড়াইলের লোহাগড়া উপজেলায় সীমান্তবর্তী ৫নং সালামাবাদ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রায় দুই শতাধিক হিন্দু পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। দলীয় প্রতিপক্ষের অব্যাহত হুমকির মুখে চরম অসহায় হয়ে পড়েছেন আওয়ামী লীগ সমর্থক পরিবারগুলো। অপরাধ একটাই, তা হলো নির্বাচনে নিজেদের পছন্দের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করা।
 
হিন্দু পরিবারগুলোর পাশাপাশি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ২৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এসএম নাজমুল হক প্রিন্সও প্রতিপক্ষের নানা ধরনের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। ৫নং সালামাবাদ ইউপির বর্তমান চেয়ারম্যান এসএম নাজমুল হক প্রিন্সকে (মোটরসাইকেল প্রতীক) সমর্থন করায় দেবীপুর গ্রামের দুই শতাধিক হিন্দু পরিবারকে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় প্রার্থী (নৌকা প্রতীক) শামীম আহম্মেদের সমর্থকরা জীবননাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা কালিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।
 
মঙ্গলবার বিকালে সরেজমিনে গিয়ে হিন্দু পরিবারগুলোর পক্ষ থেকে নানা অভিযোগ পাওয়া যায়। তাদের অভিযোগ মতে, এসব পরিবার ভোট কেন্দ্রে পৌঁছে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।                     
এদিকে সালামাবাদ ইউপি বর্তমান চেয়ারম্যান এসএম নাজমুল হক প্রিন্সকে কয়েকদফায় নির্বাচন বর্জন ও হত্যার হুমকি দেয়া হয়েছে।
 
নাজমুল হক প্রিন্স জানান, নির্বাচনে টাকা জমা দেবার পর থেকে আমাকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।  ১১ মে বেলা সাড়ে ১১টার পর আমাকে ফোনে নির্বাচন থেকে সরে না গেলে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায়  কালিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
 
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন,  এসব ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।