নেপালে নয়া সংবিধানের বিরুদ্ধে হওয়া এক প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের একজন নাগরিককে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
দেশটির সংখ্যালঘু মাধেসি সম্প্রদায়ের মানুষদের আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে ৪১ বছর বয়সী মার্টিন ত্রাভার্সের অংশ নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা যাদব কৈরালা জানিয়েছেন।
সোমবার রাজধানী কাঠমান্ডুতে প্রতিবাদ সমাবেশ চলাকালে ব্রিটিশ এই নাগরিককে গ্রেফতার করা হয়।
যুক্তরাজ্যের পররাষ্ট্র এবং কমনওয়েলথ কার্যালয় জানিয়েছে, গ্রেফতার ব্রিটিশ নাগরিককে কনস্যুলার থেকে সহায়তা দেওয়া হচ্ছে। ওই কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘১৬ মে সিংহ দরবারে প্রতিবাদ সমাবেশ থেকে গ্রেফতার একজন ব্রিটিশ নাগরিককে আমরা সহায়তা দিচ্ছি।’
কৈরালা বলেন, ওই প্রতিবাদ সমাবেশের সঙ্গে কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে ত্রাভার্সের ভিসা বাতিল করে তাকে নেপাল ত্যাগের নির্দেশ দেওয়া হতে পারে।
নেপালের নতুন সংবিধানে তাদের যথাযথ প্রতিনিধিত্ব নেই দাবি করে সংবিধানে পরিবর্তন আনার দাবিতে আন্দোলন করে আসছে নেপালের সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলো।