কুমিল্লায় এবি ব্যাংকের ১০ লাখ টাকা লুট

কুমিল্লায় এবি ব্যাংকের ১০ লাখ টাকা লুট হয়েছে। নগরীর মুগলটুলী ব্যাংকের প্রধান শাখা থেকে শহরতলীর দূর্গাপুর মেডিসিন মার্কেটের সামনে থেকে ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে ব্যাগ ভর্তি ওই টাকা লুটে নেয়।  এটিএম বুথে টাকা লোড দেয়ার জন্য সিএনজি যোগে ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রাত ১০টার দিকে কোতয়ালী মডেল থানায় ব্যাংকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
 
পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, বুধবার বিকালে এবি ব্যাংক কুমিল্লা শাখার প্রধান ক্যাশিয়ার সারোয়ার আলম ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরিফুল আলম একটি সিএনজিচালিত অটো রিক্সাযোগে (কুমিল্লা খ ১১-৩১৮৫) টাকা নিয়ে যাচ্ছিলেন। শাসনগাছা-আলেখাচর বিশ্বরোড সড়কের দূর্গাপুর হোন্ডা গ্যারেজ সামনে পৌছলে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। তারা পিস্তল ঠেকিয়ে ব্যাগভর্তি ১০ লাখ টাকা লুটে নেয়।
 
রাতে ব্যাংকের সহকারি শাখা ব্যবস্থাপক মো.রফিকুল ইসলাম জানান, শহরতলীর দূর্গাপুর মেডিসিন মার্কেটের সামনে এটিএম বুথে লোড দেয়ার জন্য কাপড়ের ব্যাগে ১০ লাখ টাকা ও এটিএম ক্যাসেট ভর্তি আরো ১৮ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে এ টাকা লুটের ঘটনা ঘটে। কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সামসুজ্জামান জানান, ‘এ বিষয়ে রাতে ব্যাংকের সহকারি শাখা ব্যবস্থাপক মো.রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন, টাকা উদ্ধারে অভিযান চলছে।'