বিএনপির জন্মই হত্যা চক্রান্তের মধ্য দিয়ে :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির জন্মই হত্যা ও চক্রান্তের মধ্য দিয়ে। চক্রান্তের রাজনীতিতে দলটি এখনো লিপ্ত। সর্বশেষ মোসাদের মতো ইতিহাসের জঘন্যতম একটি কুখ্যাত গোয়েন্দা বাহিনীর সঙ্গে বৈঠক করে তারা গণতান্ত্রিক সরকারকে উত্খাত ও শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। গতকাল বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া শ্যামল কান্তি ভক্তের পুনর্বহাল দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, যে ব্যক্তির ওপর অন্যায় করা হলো, অপদস্থ করা হলো, তার আবার চাকরি চলে গেল! এতে আরো অন্যায় করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে ১৪ দল। একই সঙ্গে ১৪ দল মনে করে, তাকে পুনর্বহাল করা উচিত। তিনি আরো বলেন, সংসদ সদস্য সেলিম ওসমান যে কাজটি করেছেন, সংসদ সদস্য হিসেবে তার মর্যাদা তিনি রক্ষা করতে পারেননি। বরং অন্য সংসদ সদস্যদের মর্যাদাও তিনি ক্ষুণ্ন  করেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কেউ অপরাধ করলে আইন তো আছে। কিন্তু একজন সংসদ সদস্য প্রকাশ্যে যে কাজটি করেছেন, এটা ক্ষমাহীন অপরাধ। ১৪ দল মনে করে, এর সঙ্গে যেই জড়িত হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
 
মোসাদের সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বৈঠকের প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপির একজন তথাকথিত নেতা বিদেশে বসে মোসাদের সঙ্গে বৈঠক করে নির্বাচিত সরকারকে উত্খাতের ষড়যন্ত্র করেছেন। এতে সমগ্র বাংলাদেশের মানুষ বিস্মিত ও মর্মাহত হয়েছে। ইসরাইল লাখ লাখ ফিলিস্তিনিকে হত্যা করেছে, করে যাচ্ছে। সেই ইসরাইল আজকের দুনিয়ায় একটি জঘন্যতম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’ ২০১৩-১৪ সালের দিকে বিএনপি-জামায়াত মোসাদের পরামর্শেই জ্বালাও-পোড়াও করার পরামর্শ দিয়েছিল বলেও দাবি করেন তিনি। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেতারা বলছেন, চক্রান্ত করে নাকি আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আর এর মাধ্যমে মূলত বিএনপি প্রকাশ্যে আসলামকে প্রটেকশন দিচ্ছে। তিনি বলেন, এই ঘটনার পেছনে আর কারা আছে, কে মদদ দিয়েছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। ’
 
মানবতাবিরোধী অপরাধীদের পক্ষে তুরস্কের প্রতিক্রিয়ার বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘পরাজিত শক্তি পাকিস্তানের মর্মবেদনা থাকতেই পারে। কিন্তু তুরস্কের প্রতিক্রিয়ায় আমরা হতবাক হয়েছি। ১৪ দল মনে করে তুরস্ক থেকে যে প্রতিক্রিয়া দেয়া হচ্ছে, এটা দুঃখজনক। তুরস্ক একদিন লাখ লাখ আর্মেনিয়ানকে হত্যা করেছে। অথচ বাংলাদেশ যখন একাত্তরের মানবতাবিরোধীদের বিচার করছে, সেই সময় তুরস্ক মানবতার কথা বলে!
 
এর আগে বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও চক্রান্তের’ প্রতিবাদে ২৪ মে দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠেয় সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। গুপ্তহত্যার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরবর্তীতে গ্রাম পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছে ১৪ দল। একই সঙ্গে ১৪ দল মনে করে, শেখ হাসিনার নেতৃত্বে দেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে।  মোহাম্মদ নাসিম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেতন বৃদ্ধি বাতিলের দাবি জানিয়েছে ১৪ দল। ধানের ন্যায্যমূল্য নিশ্চিত, তেলের দাম কমায় গণপরিবহনে ভাড়া কমানোর সিদ্ধান্ত দ্রুত কার্যকর এবং আগামী রমজান মাসে দ্রব্যমূল্য যাতে না বাড়ে সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদের আরেক অংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার, তরিকত ফেডারেশনের মহাসচিব আবদুল আউয়াল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত্ হোসেন, বাসদ আহ্বায়ক রেজাউর রশীদ খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, এসএম কামাল হোসেন, জাতীয় পার্টির (জেপি) দপ্তর সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।