কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে তাণ্ডব চালিয়ে আরো এক রেকর্ড গড়লেন কোহলি এক আসরে চার সেঞ্চুরির পাশাপাশি সব আসর মিলিয়ে টি-২০ ফরম্যাটের সর্বোচ্চ ৪ হাজার রানের রেকর্ড ছুয়েছেন তিনি।
এর আগে টি-২০ সর্বোচ্চ রানের মালিক ছিলেন সুরেশ রায়না। ১৩৯ ইনিংসে ৩ হাজার ৯৮৫ রান করেছিলেন তিনি। কোহলি তাকে ছাড়িয়ে গেছে ১২৮তম ইনিংসে।
এদিকে এবারের আইপিএলের আগে টি-২০ ফরম্যাটে কোন সেঞ্চুরি না পাওয়া কোহলি করে ফেলেছেন চারটি সেঞ্চুরি। শুধু তাই নয়। ১৫৫.০১ স্ট্রাইক রেট ও ৮৬.৫০ গড় রান নিয়ে করে ফেলেছেন আইপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। ১৩ ম্যাচে ৮৬৫ রানের পথে ৪টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৫টি ফিফটি।
বেঙ্গালুরুতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে নেমে এসেছিল ১৫ ওভারে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক এর মধ্যেই করে ফেলেছেন শতক। চিন্নাস্বামি স্টেডিয়ামে এদিন ঝড় তুলেছিলেন ক্রিস গেইলও। গেইল-কোহলির উদ্বোধনী জুটিতে ১১ ওভারেই ওঠে ১৪৭ রান। ৮ ছক্কায় ৩২ বলে ৭৩ রান করে আউট হন গেইল। তবে থামানো যায়নি কোহলিকে। ৪৭ বলে স্পর্শ করেন তিন অঙ্ক।
ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮২ রানের জয় পায় পাঞ্জাবের বিপক্ষে।