চুরির অভিযোগে কিশোরকে নির্যাতন

 
নওগাঁর ধামইরহাটে সাইকেল চুরির অভিযোগে এক কিশোরকে নির্যাতন মধ্যযুগীয় কায়দায় মারপিট করেছে। বৃহস্পতিবার সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।
 
আহত কিশোর মাবুদ হোসেনকে (১৭) ধামইরহাট স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে বাসুদেবপুর (তসুপাড়া) গ্রামের উজ্জল হোসেনের ছেলে।
 
মাবুদ হোসেন জানায়, স্থানীয় জনৈক গোল্ডেনের ছেলে সাগর তাকে একটি সাইকেল দেয় আনন্দকে দেয়ার জন্য। নাপিত আনন্দের দোকান বন্ধ থাকায় মাবুদ সাইকেলটি নিয়ে আঙ্গরত গ্রামের মেলায় যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে আমাইতাড়া নামক স্থান থেকে তাকে ধরে সাইকেল চুরির দায়ে সাগর (২০) নাপিত আনন্দ (২২) মনছুর (২১) ও রিপনসহ (১৮) পাঁচজন আনন্দের সেলুনের দোকান ঘরে আটক নির্যাতন করে। তার শরীরে লোহার রড ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। তাকে বালির ভেতরে  গলা পর্যন্ত মাথা ঢুকিয়ে মারপিট করতে থাকে বলে জানায় মাবুদ।
 
এ সময় স্থানীয় বাসুদেবপুর গ্রামের কালাম ও গ্রাম পুলিশ সাইফুল ইসলাম তাকে উদ্ধার করে ধামইরহাট হাসপাতালে ভর্তি করেন।
 
আহতের পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অমানসিক হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।