ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ডসহ প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে। তাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফোর লেনের কাজ সম্পন্ন হলেও সাধারণ পথচারীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে অবৈধ ভাবে গড়ে উঠেছে চা, পান-সিগারেট ও ফলের দোকানসহ আরো ভাসমান ও স্থায়ী অসংখ্য দোকানপাট। বাসস্ট্যান্ডের লোকাল বাস দাঁড়ানোর স্থানটিও প্রতিদিন বসে কাঁচা বাজারের হাট। জায়গা না পেয়ে লোকাল বাসগুলো সড়কের অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়ে থাকে। যে কারণে যাত্রী উঠা-নামার সময় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে।
পথচারীরা অভিযোগ করে বলেন, ফুটপাত মানুষের হাঁটার জন্য। দোকানপাট বসানোর জন্য নয়। আর এই ফুটপাতে মানুষের হাঁটার কোনো পরিবেশ নেই।
তারা জানায়, আসছে ২৫ মে জাতীয় কবি কাজী নজরুর ইসলামের ১১৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক লাখ লোকের সমাগম ঘটে থাকে ত্রিশালে। যদি এই অবৈধ ফুটপাত দখলদারদের উচ্ছেদ না করা হয় তবে আমাদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হবে।
তাই তারা স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানান।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন জানান, দ্রুত সময়ের মধ্যে ফুটপাত দখলদারদের উচ্ছেদ করা হবে।