নারায়নগঞ্জে পিয়ার সাত্তার লতিফ স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনের সামনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজমের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আইবিএসসির পরিচালক অধ্যাপক মনজুর হোসেন, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হাবীবুর রহমান ও বাংলা বিভাগে অধ্যাপক সফিকুন্নবী সামাদী প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘সকল শিক্ষক একই সূত্রে গাঁথা। শিক্ষকদের একটাই দাবি, সেটা হলো সম্মান। যখন আমাদের এই সম্মনটুকুর উপর আঘাত আসে তখন আমরা মেনে নিতে পারি না। একজন শিক্ষক একটি জাতিকে উন্নত করে। আর সেই শিক্ষককে অপমান করা মানে সারাদেশের মেরুদণ্ডকে হত্যা করা।’
এ সময় বক্তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।