দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানকে ফাইটার জেট দিয়ে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। পেন্টাগন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, চীনের দুটি ফাইটার বিমান বিপজ্জনকভাবে আমাদের বিমানের পিছু নিয়েছিল।
যুক্তরাষ্ট্র জানায়, গত ১৭ মে আন্তর্জাতিক আকাশসীমায় এই ঘটনা ঘটে। ওয়াশিংটনের দাবি, একটি জরিপ বিমান ওই এলাকায় রুটিন টহল পরিচালনার সময় এই ঘটনা ঘটে। সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কোন ধরনের বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করার কথা অস্বীকার করেন।
যুক্তরাষ্ট্রের সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, সংঘর্ষ এড়াতে যুক্তরাষ্ট্রের বিমানটিকে ২০০ মিটার নিচে নামতে বাধ্য করে চীনা পাইলটরা।
প্রাকৃতিক সম্পদে ভরপুর দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরোধে জড়িয়েছে চীন। ফিলিপাইন, তাইওয়ান, ভিয়েতনামসহ বেশ কয়েকটি দেশ সাগেরটির মালিকানা দাবি করছে। সম্প্রতি সেখানকার বিরোধপূর্ণ এলাকায় একটি কৃত্রিম দ্বীপ তৈরি করে বিমানের জন্য রানওয়ে নির্মাণ করেছে চীন।
দক্ষিণ চীন সাগর ঘিরে সামরিক উত্তেজনা তৈরির জন্য একে অপরকে দুষছে চীন ও যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি