ডেমরা থেকে দুই জঙ্গি গ্রেপ্তার

রাজধানীর ডেমরা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মো. ওমর ফারুক ওরফে মাহাদি ওরফে আব্দুল্লাহ এবং মো. তরিকুল ইসলাম।
 
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে ডেমরা থানার মাতুয়াইল মুসলিমনগর আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ সদরদপ্তরের এলআইসি শাখা ও ডিএমপির নবগঠিত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট  ওই অভিযানে অংশ নেয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, গ্রেপ্তার দুজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাদের কাছে উগ্র ধর্মীয় মতবাদ সম্বলিত বিভিন্ন বই, লিফলেট, উগ্রপন্থি ভিডিও, অডিও ও ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে। ওই দুই যুবক ফেসবুকের মাধ্যমে সংগঠনের জন্য ‘সদস্য ও অর্থ সংগ্রহ’করত এবং সদস্যদের ‘জিহাদের প্রশিক্ষণে’ পাঠাতো বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে বলেছে, তারা বান্দরবানের আলী কদম ও চট্টগ্রামের ফটিকছড়িতে প্রশিক্ষণ ক্যাম্পের জন্য জায়গা খুঁজছিল। চলতি মাসের শেষ দিকে ঢাকায় নাশকতার পরিকল্পনা করছিল তারা।