জান্নাত পুষ্প, ঢাকার সঙ্গীত জগতে পরিচিত নাম। এখন পর্যন্ত দুটি এ্যালবাম বের হয়েছে তার। ইউটিউবে তার একটি গানের হিট ১০ লাখ ছাড়িয়ে যায়। মূলত সেখান থেকেই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এই শিল্পী।
কিন্তু গানের পাখি এই পুষ্প গানকে নিতে চান শুধুই নেশা হিসেবে। পেশা হিসেবে নয়। তিনি বলেন, গান তার ভালোবাসা, ভালোবেসেই গান গেয়ে যেতে চান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার খাড়িয়া মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করা পুষ্প উচ্চমাধ্যমিক শেষ করেন ঢাকার তেজগাঁ মহিলা কলেজে। আর গানের প্রাতিষ্ঠানিক জ্ঞান তিনি পান রুপু খানের কাছে। বর্তমানে ওস্তাদ সঞ্জীব দে’র কাছে গানের দীক্ষা নিচ্ছেন তিনি।
পরিবারের সহায়তা কেমন পান জিজ্ঞাসা করলে তিনি জানান, বাবা-মা, ভাই-বোনদের সহযোগিতা আরে উৎসাহের কারণেই তিনি আজ এ অবস্থানে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে বলেন, পারিবারিক বুটিক ব্যবসাতেই মনোযোগ দিতে চান। আর গান সবসময়ই গেয়ে যাবেন। কারণ এটাই তার ভালোবাসা। গান গেয়েই শান্তি পান তিনি।
কাজ করতে গিয়ে নিজের প্রতিবন্ধকতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ইমরানের সঙ্গে একটি ভিডিও করতে গিয়ে দুইবার শ্যুট করতে হয়। প্রথমবারের ভিডিওটি কারো পছন্দ না হওয়ায় এই কাজ করেন তিনি। আর এই ভিডিও দিয়েই মূলত আলোচনায় আসেন জান্নাত। ইউটিউবে ১২ লাখ মানুষ গানটি দেখে। পরে অবশ্য অনিবার্য কারণে সেটা ডিলিট করা হয়।
পুষ্পর প্রথম একক এলবামটি বের হয় ২০০৮ সালে। এলবামটির নাম ছিলো ‘বুক ভরা ভালোবাসা’। এরপর ২০১৫ সালের ৫ মে বের হয় তার দ্বিতীয় একক এলবাম জান্নাত।
এলবামে মোট ৮টি গান রয়েছে। গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন, ওমর ফারুক, প্লাবন, রনি মামুন এবং রাজেশ। সঙ্গীতায়োজন করেছেন ইমরান, রাজেশ, জামাল হাসান এবং দেবা। দ্বৈতগানে পুষ্প জান্নাতের সঙ্গে কন্ঠ দিয়েছেন ইমরান এবং এআই রাজু।
সর্বশেষ এলবাম পুষ্প জান্নাত বলেন, এলবামটি নিয়ে আমি অনেক আশাবাদী ছিলাম। অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। সাড়াও পাচ্ছি বেশ ভালো। বর্তমানে সঙ্গীতার ব্যানারে ‘কিছুটা রং’ নামে একটি একক এলবামের কাজ করছেন বলে জানান তিনি।