ভারতের বিধানসভা নির্বাচনে দলের ব্যাপক ভরাডুবির পরও রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতারা। এটিকে কেউই দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধী কিম্বা ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর ব্যর্থতা হিসেবে দেখছেন না। বরং রাহুলকে আরো বেশি দায়িত্বশীল পদে দেখতে আগ্রহী তারা । রাহুলও দলের পরাজয় মেনে নিয়ে বলেছেন, পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে দলের জন্য আরো বেশি পরিশ্রম করবেন।
বিধানসভা নির্বাচনে চরম ভরাডুবির পরও কংগ্রেস নেতারা একযোগে দাবি করেন, রাহুল নন, হারের জন্য দলের অন্যরা দায়ী। যদিও এর আগে কোনো রাজ্যের পৌরসভা নির্বাচনেও কংগ্রেস কয়েকটি আসন জিতলেও সঙ্গে সঙ্গে বলা হয়, রাহুল ছাড়া এই জয় সম্ভবই হত না। কিন্তু এবারে চার রাজ্যে ভোটে হেরেও কংগ্রেস দাবি করেছে, এই ফল অপ্রত্যাশিত ছিল না।
কংগ্রেস নেতা শশী থারুর মতে, বিধানসভা নির্বাচন জাতীয় নেতৃত্বের প্রতি আস্থা দেখানোর মত কোনো গণভোট নয়, স্থানীয় নানা ইস্যু এখানে বিবেচ্য বিষয়।
অপর কংগ্রেস নেতা আরো একধাপ এগিয়ে বলেন, এখানেই থেমে থাকা উচিত হবে না, বরং রাহুলকে কংগ্রেসের সভাপতি করা হোক। রাহুল নিজে অবশ্য বলছেন, মানুষের রায় মাথা পেতে নিলাম। পরাজয় থেকে শিক্ষা নিয়ে তিনি আরো বেশি করে পরিশ্রম করবেন, চেষ্টা করবেন মানুষের সমর্থন ও বিশ্বাস অর্জন করতে। -এনডিটিভি