ছাত্রলীগ নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিএনপি-জামায়াত জোটের দেশ বিরোধী সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। বিএনপি-জামায়াত এবং ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের যোগসাজশে দেশবিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের পরিচালনায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ অলি হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় মির্জা আজম বলেন, 'বিএনপির জন্মই হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। যাদের জন্ম ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশের পরিণত হওয়ার দ্বার প্রান্তে। আওয়ামী লীগকে নিয়ে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, সব ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।'
সাইফুর রহমান সোহাগ বলেন, 'বেগম খালেদা জিয়া ক্ষমতায় যেতে না পেরে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন। তারই ধারাবাহিতায় ইসলামের শত্রু, মুসলমানের শত্রু ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে।'
ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সোহাগ বলেন, 'বিএনপি জামায়াত-শিবির চক্রের দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে।' সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।